আইপিও বাতিল করলো স্ন্যাপডিল

৯ ডিসেম্বর, ২০২২ ২০:৫২  
১৫২ মিলিয়ন মার্কিন ডলারের আইপিও’র পরিকল্পনা বাতিল করলো ভারতীয় স্ন্যাপডিল। ই-কমার্স কোম্পানিটি রয়টার্সকে জানিয়েছে, প্রযুক্তি শেয়ার বাজারে বর্তমানে মন্দা চলছে। আর সেই কারণে বিনিয়োগকারীদের মনোভাব তাতে প্রভাবিত হয়ে গিয়েছে। সেই কারণেই আপাতত এই সিদ্ধান্ত। ২০২১ সালের ডিসেম্বরে আইপিও সংক্রান্ত কাগজপত্র দাখিল করেছিলো স্ন্যাপডিল। সেই একই বছরে বেশ কিছু ভারতীয় স্টার্ট আপ সংস্থা স্টক মার্কেটে প্রবেশ করেছিলো। অনেক সংস্থা দারুণভাবে আইপিও সম্পন্ন করলেও অনেকেরই শেয়ার মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বেশ কিছু নতুন সংস্থাই শেয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছে। চলতি সপ্তাহেই সেবি-র কাছে আইপিও প্রসপেক্টাস প্রত্যাহার করার আর্জি দায়ের করে স্ন্যাপডিল। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে, স্ন্যাপডিল এই বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থা উল্লেখ করেছে, 'বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে' এই সিদ্ধান্ত। এর পাশাপাশি অবশ্যই এটিও যোগ করা হয়েছে যে, স্ন্যাপডিল ভবিষ্যতে ফের আইপিও করার কথা পুনর্বিবেচনা করতে পারে। পুরোটাই সংস্থার মূলধন এবং বাজারের অবস্থার উপর নির্ভর করছে। উল্লেখ্য, ২০১০ সালে ই-কমার্স বুমের সময়েই স্ন্যাপডিল-এর পথ চলা শুরু। কুনাল বাহল এবং আইআইটি স্নাতক রোহিত বনসল এই সংস্থার সূচনা করেন। মূলত ইলেকট্রনিক প্রোডাক্টসে বড়সড় ছাড়ের মাধ্যমে প্রাথমিক কয়েক বছরে প্রচুর গ্রাহক আকৃষ্ট করে স্ন্যাপডিল। তবে বর্তমানে ফ্লিপকার্ট ও আমাজনের মতো জায়ান্টের নিরিখে কিছুটা পিছিয়ে সংস্থা। ডিবিটেক/বিএমটি